রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Single Top Banner

লাগামহীন ঘোড়ার মতো লাফিয়ে বাড়ছে করোনা

চট্টগ্রামে লাগামহীন ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। যেভাবে দ্রুত বাড়ছে করোনা তাতে করে তৃতীয় ঢেউয়ের হাতছানি দেখা যাচ্ছে চট্টগ্রামে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৬০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে চট্টগ্রামে।

শনাক্তদের মধ্যে ২২৬ জন নগরের ও ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি। শনাক্তের হার ১০ দশমিক ২৬ শতাংশ।

চট্টগ্রামে করোনা সংক্রমণ হার চারমাস ধরে নিম্নমুখী থাকলেও জানুয়ারিতে ঊর্ধ্বমুখী।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শনাক্তের হার বাড়তে থাকলে মৃত্যুহারও বাড়তে পারে। তাই তারা কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছেন। মানুষ স্বাস্থ্যবিধি না মেনে সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছে, ফলে সংক্রমণের হার বাড়ছে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৫৩২ জনের নমুনা পরীক্ষায় ২৬০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়।

উপজেলায় শনাক্ত ৩৪ জনের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ৮ জন। এছাড়া, রাঙ্গুনিয়া, মিরসরাই ও সন্দ্বীপে ২ জন করে, লোহাগাড়া ৩ জন, আনোয়ারা ৪ জন, চন্দনাইশ ৩ জন, পটিয়ায় ১ জন, রাউজানে ৬ জন ও সীতাকুণ্ডে ৩ জন করে শনাক্ত হয়েছেন।

এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ তিন হাজার ৮৯২ জনে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৫ হাজার ৩৫১ জন। বাকি ২৮ হাজার ৫৪১ জন বিভিন্ন উপজেলার।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৫ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত