বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চাক্তাই-খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা

নিজস্ব প্রতিবেদক :

ভোগ্যপণ্যের বৃহত্তর পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। একদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। খুচরা বাজারে দাম আরও বেশি বেড়েছে। ‘আমদানি কম’-অজুহাতে আমদানিকারকরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়েছে। রোববার একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

একাধিক সূত্রের দাবি-অধিক মুনাফা করতেই ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়েছে। দেশে যে হারে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে সে হারে ভারতেও বাড়েনি। চাক্তাই-খাতুনগঞ্জের কয়েকজন ব্যবসায়ী জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত আমদানি বন্ধ থাকায় দেশে পেঁয়াজের সংকট দেখা দেয়। এছাড়া ভারতের ব্যাঙ্গালুরুতে অতি বন্যায় পেঁয়াজের খেত নষ্ট হওয়ায় সেদেশে পেঁয়াজ সংকট দেখা দিয়েছে। এ কারণে সেখানকার মোকামগুলোয় পর্যাপ্ত পেঁয়াজ সরবরাহ করা হচ্ছে না। এছাড়া ভারতে ট্রাকভাড়া বৃদ্ধির কারণেও দেশটিতে পেঁয়াজের দাম বেড়েছে।

খাতুনগঞ্জ ঘুরে দেখা গেছে, আড়তগুলোতে ভারতীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বিভিন্ন আড়তে শত শত বস্তা পেঁয়াজ আছে। ট্রাকে ট্রাকে বিভিন্ন জেলা ও উপজেলায় ট্রাকভর্তি পেঁয়াজ যাচ্ছে। তবে খুচরা পর্যায়ে পেঁয়াজের সরবরাহ কম দেখা গেছে। ভারতীয় ভালো মানের পেঁয়াজ পাইকারি বাজারে ৪৬ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। যা গত দুদিনের চেয়ে ১৫ থেকে ১৮ টাকা বেশি। খুচরা বাজারে ৫৫ থেকে ৫৬ টাকায় বিক্রি হচ্ছে। দুদিন আগে খুচরা বাজারে দাম ছিল ৩৮ থেকে ৪০ টাকা। পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ৪২ থেকে ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। যা গত দুদিন আগের চেয়ে ১০ থেকে ১২ টাকা বেশি।

খাতুনগঞ্জের পেঁয়াজের আড়তদার আশরাফ হোসেন বলেন, নানা কারণে পেঁয়াজের দাম বাড়ছে। ভারতে এখন পেঁয়াজের দাম বাড়তি। ফলে বাড়তি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। এছাড়া পেঁয়াজের আমদানিও কমেছে। এ কারণে দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমেছে। ফলে দাম বাড়ছে। পেঁয়াজের দামের ওপর এর প্রভাবও পড়েছে। দেশি পেঁয়াজের দাম মনপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকা বেড়েছে। খাতুনগঞ্জে পেঁয়াজের বৃহত্তর পাইকারি মার্কেট হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইদ্রিস বলেন, অতি বন্যায় ব্যাঙ্গালুরুতে পেঁয়াজ খেত নষ্ট হওয়ায় সেদেশেই সংকট দেখা দিয়েছে। ভারত থেকে পর্যাপ্ত পেঁয়াজ না আসায় আড়তগুলো দেশি পেঁয়াজের দামও বাড়িয়ে দিয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত