বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চবিতে আবারও সাংবাদিক হেনস্তার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত এক সাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সহসভাপতি সুমন নাসিরের বিরুদ্ধে। তবে অভিযোগটি অস্বীকার করেছেন ওই ছাত্রলীগ নেতা।

গতকাল সোমবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের অতিথি কক্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রক্টর বরাবর একটি অভিযোগপত্র জমা দিয়েছেন ভুক্তভোগী ওই সাংবাদিক গিয়াসউদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং একটি টিভি চ্যানেলের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত।

অভিযুক্ত সুমন নাসির বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি।

ভুক্তভোগী সাংবাদিক গিয়াসউদ্দিন বলেন, ‘গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে উপাচার্য অফিসের দিকে গেলে অতিথি কক্ষেই চবি ছাত্রলীগের সহসভাপতি সুমন নাসির আমাকে চোখ রাঙ্গিয়ে ভিতরে যেতে নিষেধ করে। কারণ জানতে চাইলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমার উপর চড়াও হয়।’

তিনি আরও বলেন, ‘এমনকি সে আমাকে বিএনপি ও জামায়াত-শিবিরের দালাল ট্যাগ দেয়ারও চেষ্টা করে। এ ঘটনায় আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর একটি অভিযোগপত্র জমা দিয়েছি।’

তবে অভিযোগ অস্বীকার করে সহ-সভাপতি সুমন নাসির বলেন, ‘ঘটনাস্থলে সিসি টিভির ফুটেজ আছে। দেখলেই বুঝবেন যে, আমি তেড়ে যাইনি। বরং উল্টো সে-ই আমার দিকে তেড়ে আসছে। ওখানে আরো অনেক ছাত্রলীগ নেতা-কর্মী ছিল, তারাও সাক্ষী আছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড.শহীদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সাংবাদিক গিয়াসউদ্দিন একটি অভিযোগপত্র দিয়েছে, উপাচার্য অফিসে প্রবেশ করতে তাকে বাঁধা দেয়া হয়েছে বলে। বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখছি। অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা নিব।’

এর আগে গত ২৬ সেপ্টেম্বর (সোমবার) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে রেদ্ওয়ান আহমদ নামের এক কর্মরত সাংবাদিককে মারধর করে দুই ছাত্রলীগ কর্মী। পরে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত