বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু,ভর্তি ৮৯৬ জন

সিপি ডেস্ক :

সারা দেশে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৬ জন। এনিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৭৪ জনে। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১০ জনে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৯৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৩৭ জন এবং ঢাকার বাইরে ৩৬৯ জন। নতুন ৮৯৬ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৭৪ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৮ হাজার ৬৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ৪১৪ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এনিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১১০ জনের মৃত্যু হলো। এ বছর গত ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

২০২০ সালে করোনার সময়ে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত