নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম চিড়িয়াখানায় যুক্ত হয়েছে আরও দুই রকমের প্রাণী। এরমধ্যে ছয়টি ক্যাঙারু এবং ছয়টি লামা। হল্যান্ড থেকে আমদানি করা এসব প্রাণী আজ শুক্রবার সকালে চিড়িয়াখানার খাচায় রাখা হয়। চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘হল্যান্ড থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় দুই ধরনের ১২টি প্রাণী আমদানি করা হয়েছে। এদের মধ্যে দুইটি পুরুষ, চারটি স্ত্রী ক্যাঙারু এবং দুইটি পুরুষ লামা, চারটি স্ত্রী লামা রয়েছে।’
তিনি জানান, দরপত্রের মাধ্যমে এক কোটি ৬৯ লাখ টাকায় সিংহ, ম্যাকাউ, ওয়েলবিস্ট, ক্যাঙারু, লামা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে প্রথম চালানে ক্যাঙারু ও লামা এলো চিড়িয়াখানায়।
১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রতিষ্ঠিত হয়। এর আগে তেত্রিশ লাখ টাকায় আফ্রিকা থেকে এক জোড়া বাঘ আনা হয়েছিল।

বর্তমানে চিড়িয়াখানার বাঘ ছাড়াও আছে– জেব্রা, ভল্লুক, সিংহ, হরিণ (চিত্রা, সাম্বার, মায়া), উল্লুক, বানর, মেছোবিড়াল, চিতাবিড়াল, অজগর, বাঘডাসা, উঠপাখি, ইমু পাখি, গয়াল, কুমির, ময়ুর, ঘোড়া, বক, টিয়াসহ ৬৬ প্রজাতির ৬২০টি পশুপাখি আছে।
সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে চট্টগ্রাম চিড়িয়াখানা ২০১৯ সালে দলগতভাবে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক অর্জন করে।’


