নিজস্ব প্রতিবেদক :
বিএনপির মিডিয়া সেলের রুমিন ফারহানা এমপি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বড় দলতো আছেই, সঙ্গে ছোট দলের মেধাবী ও প্রাজ্ঞদের নিয়ে সরকার গঠন করা হবে। দেশে অনেক ছোট-বড় দল আছে। এসব দল বা দলের নেতারা একেবারে আম জনতার কাছে তেমন পরিচিত নয়, কিন্তু মেধাবী এবং প্রাজ্ঞ। বিএনপি ক্ষমতায় গেলে তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে।
তিনি শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে চট্টগ্রাম ক্লাবে বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অপরিহার্য’ র্শীষক সভার আয়োজন করে বিএনপির মিডিয়া সেল।
মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
রুমিন ফারহানা এমপি বলেন, সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৯০ আসন পাবে দাবি করে রুমিন ফারহানা বলেন, গত ১৫ বছরে রাষ্ট্রকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যেখানে আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না। বড় আকারের একটি রাষ্ট্র মেরামতের প্রয়োজন দেখা দিয়েছে। বিএনপি যেহেতু অংশীদারিত্বে বিশ্বাস করে, বহু মত, বহু মানুষের পক্ষে কথা বলে সুতরাং বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তারা একটি জাতীয় সরকার গঠন করবে।
তিনি বলেন, বিগত ১৫ বছরে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে, বিএনপি মনে করে সেসব মেরামত বিএনপির একা করা সমিচিন হবে না। যদিও বিএনপি চাইলে করতে পারে। কিন্তু করবে না। কারণ বিএনপি বহুদলের বিশ্বাস করে। এই জন্য জাতীয় সরকারের কনসেপ্ট নিয়ে আমরা এগোচ্ছি।
তিনি বলেন, বিএনপির মানুষের কল্যাণে নিজেদের ক্ষমতাও বন্দী করতে প্রস্তুত। রাষ্ট্রের তিনটি বিভাগ- আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ। তারমধ্যে আইন বিভাগের কাজ হলো শুধু আইন প্রণয়ন নয়, সেই সঙ্গে রাষ্ট্র প্রণয়নও। বাই দ্যা পিপল, অব দ্যা পিপল অ্যান্ড ফর দ্যা পিপল-সংসদও স্বৈরতন্ত্র হয়ে উঠতে পারে। সেজন্য দ্বিকক্ষবিশিষ্ট ধারণাটা তারেক রহমান নিয়ে আসছেন। এটির মাধ্যমে রাষ্ট্রের চেক অ্যান্ড ব্যালেন্স চলে আসবে।


