বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

মুন্সীগঞ্জের বিড়াল হত্যার বিচার চেয়ে থানায় অভিযোগ

সিপি ডেস্ক :

আছিয়া আক্তার (১৩) নামে এক কিশোরী পোষা বিড়ালটি মারা গেছে। আছিয়ার দাবী, তার পোষা বিড়ালটি কে বা কারা হত্যা করেছে। এ হত্যার বিচার দাবিতে মা আকলিমা আক্তারকে নিয়ে গিয়েছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায়। সঙ্গে নিয়ে গেলেন মৃত বিড়ালটিও। থানায় দায়ের করেছেন লিখিত অভিযোগও।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার এএসআই মোহাম্মদ ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বিড়ালটির ময়নাতদন্তের জন্য সিরাজদিখান পশু হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, ‘বিড়ালটি কীভাবে মারা গেছে তা আমরা এখনও নিশ্চিত নই। তবে খোঁজখবর নিয়ে জেনেছি, কালাম মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে প্রতিবেশী তাসলিমার। যেহেতু বিড়ালটিকে হত্যার অভিযোগ আনা হয়েছে সেহেতু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আছিয়া উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের মো. কালাম শেখের মেয়ে। আছিয়া আক্তার জানায়, ‘আমি ছোটবেলা থেকে এই বিড়ালটি লালনপালন করতাম। রবিবার দুপুর ১২টার দিকে বিড়ালটিকে উত্তর ফুরশাইল গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী তাসলিমা ও তার মেয়ে সেলিনা কাঠ দিয়ে পিটিয়ে আহত করেন। আহত বিড়ালটিকে নিয়ে আমি পশু হাসপাতালে যাই। পশু চিকিৎসক জানান বিড়ালটি মারা গেছে। পরে বিড়াল হত্যার বিচার চাইতে থানায় আসি। কিন্তু পুলিশ প্রথমে আমাকে নিয়ে হাসিঠাট্টা করে। পরে আমার মায়ের কথায় তারা অভিযোগ নেয়। আমি বিড়াল হত্যার বিচার চাই।’

সিরাজদিখান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শবনম সুলতানা বলেন, ‘বিড়ালটিকে মৃত অবস্থায় আমাদের এখানে আনা হয়েছিল। তবে কীভাবে বিড়ালটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত করে দেখবো আমরা। বিড়ালটিকে আমরা একটি ফ্রিজে রাখার জন্য বলেছি। সোমবার ময়নাতদন্ত করা হবে।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত