সিপি ডেস্ক :
আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন। সোমবার (৩১ অক্টোবর) এমনটাই সাংবাদিকদের জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি বলেন, ডিসেম্বরের ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন হবে। তবে কত তারিখে হবে তা এখনো ঠিক করা হয়নি। এটা জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি যেদিন সময় দিবেন সেদিনই সম্মেলন হবে।
তিনি বলেন, আমরা মূলত ছাত্রলীগের বিষয়ে চারজন বসেছিলাম। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও ছিলেন। আজ সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের সম্মেলনের আগে ছাত্রলীগসহ মেয়াদোত্তীর্ণ সব সহযোগী সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হবে। মূলত ছাত্রলীগের সম্মেলন নিয়ে আলোচনা হয়েছে। সুনির্দিষ্ট তারিখ বলে লাভ নেই। তারিখ যাই হোক আওয়ামী লীগের সম্মেলন অর্থাৎ ২৪ ডিসেম্বরের আগে ছাত্রলীগের সম্মেলন হবে।
এদিন ছাত্রলীগের সম্মেলন নিয়ে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।
এ ছাড়া জরুরি সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।


