সিপি ডেস্ক :
সুইডেন রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে এবং নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকাল সোয়া ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
জানা গেছে, আগামী নির্বাচনসহ বিরোধী দলের সভা-সমাবেশে বাধাসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দুই রাষ্ট্রদূতের কাছে তুলে ধরে বিএনপি। আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান জানতে চান তারা।
এ সময় বিএনপির পক্ষ থেকে বলা হয়, দেশের মানুষের চাওয়া সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। যেখানে তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পায়। কিন্ত দলীয় সরকারের অধীনে সেটা সম্ভব নয়। তাই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি গণতান্ত্রিক আন্দোলন করছে।
বৈঠকের শেষে রাষ্ট্রদূতরা বেরিয়ে যাওয়ার পর আমীর খসরু সাংবাদিকদের বলেন, ‘তারা এসেছেন মূলত বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সার্বিক যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, এক কথায় সব কিছু মিলিয়ে আলোচনা হয়েছে। ভেতরে কী আলোচনা হয়েছে সেটা তো আমি বলতে পারব না। তবে আলোচনা সম্পর্কে আমি এতটুকু বলতে পারি যে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে বিষয়গুলো আছে সব কিছু নিয়েই আলোচনা হয়েছে।’


