সিপি ডেস্ক :
কাতার বিশ্বকাপের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছে ব্রাজিল। এই দলে আছেন ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোতে খেলা পেদ্রো। ব্রাজিলের হয়ে মাত্র ২ ম্যাচে খেলেই জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে। নিঃসন্দেহে এই দিনটা ২৫ বছর বয়সী এই তরুণের জন্য বিশেষ দিন। দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পেদ্রো।

ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার ক্যারিয়ারে অনেক বাধার সম্মুখীন হয়েছেন। রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখেছিলেন, চোটের কারণে পারেননি। ক্যারিয়ারের খারাপ সময়গুলোয় প্রেমিকাকে সব সময়ই পাশে পেয়েছেন।
বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়ার পর সে কথা ভোলেননি পেদ্রো, ‘এটা বিশেষ দিন, এখন আরও বিশেষ হলো। বিশ্বকাপ দলে ডাক পেয়েছি, শৈশব থেকে এই স্বপ্নই দেখেছি। আমার প্রেমিকা আমার খারাপ সময়ে পাশে ছিল। এই দিনটা আমার আজীবন মনে থাকবে।’

বিশ্বকাপ দলে ডাক পেয়ে ক্লাবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন পেদ্রো, ‘ফ্ল্যামেঙ্গোতে সুযোগ পেয়ে আগের সবকিছু ভুলে গিয়েছিলাম। আমি জানতাম, এখানে ভালো খেললে জাতীয় দলের দরজা আমার জন্য খুলে যাবে। এটা আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আমার পাশে থাকার জন্য ক্লাবকে ধন্যবাদ।’


