সিপি ডেস্ক :
গ্রামীণ টেলিকম লিমিটেডের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা দায়ের করা হয়েছে।
শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ দাবি করে এ মামলা দায়ের করা হয়।
গ্রামীণ টেলিকমের সাবেক ৮ কর্মকর্তা গত ৯ নভেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে পৃথক ৮টি মামলা দায়ের করেন। রোববার কর্মকর্তাদের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী বলেন, ৮ কর্মকর্তা ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত গ্রামীণ টেলিকমে কর্মরত ছিলেন। ২০০৬-২০০৯ অর্থ বছরে কোম্পানির লভ্যাংশ থেকে তাদের বঞ্চিত করা হয়।
শ্রম আইনে বলা আছে, শ্রম আইন কার্যকর হওয়ার দিন থেকে কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের কল্যাণ তহবিলে দিতে হবে। এই লভ্যাংশ না পাওয়ার কারণে প্রথমে তারা গ্রামীণ টেলিকমকে লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু লিগ্যাল নোটিশ দেওয়ার পরও ব্যবস্থা গ্রহণ না করায় গত ৯ নভেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে শ্রম আইনের ২১৩ ধারা মোতাবেক পৃথক ৮টি মামলা করেন।


