বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

প্রধানমন্ত্রী সবসময় ঝুঁকির মধ্যে থাকেন

সিপি ডেস্ক :

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) র‌্যাব মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা জানান। আর ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, প্রধানমন্ত্রী সবসময় ঝুঁকির মধ্যে থাকেন। এ কারণে সম্মেলন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার সকালে সমাবেশস্থলে র‌্যাব মহাপরিচালক সাংবাদিকদের বলেন, দুই জঙ্গি পালিয়ে গেছে- আমরা অস্ব্বীকার করব না, এটা আমাদের ব্যর্থতা। তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে পালিয়েছে এবং আমরা এখনও তাদের ধরতে পারিনি। তবে অভিযান অব্যাহত আছে। আমরা আত্মসমালোচনায় বিশ্বাস করি। ব্যক্তিগতভাবে আমি অবশ্যই আমার দুর্বলতা থাকলে স্বীকার করব। জঙ্গি তৎপরতা এখনও অব্যাহত আছে। কিন্তু আমরাও আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন, পাহাড়ি এলাকায় একটি জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ চলছিল। আমরা তাদের ধরে ফেলেছি। ফলে জঙ্গিরা তেমন কিছু করার সুযোগ পাবে বলে আমরা মনে করি না।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, এটাকে আমি রাজনৈতিক উত্তাপ হিসেবে দেখি না। রাজনীতিতে সরকারি ও বিরোধী দল থাকবে। এটাকে রাজনীতির স্বাভাবিক গতি বলে মনে করি। এটা হবেই, যেহেতু সামনে নির্বাচন। তবে এটাকে কেন্দ্র করে অন্য কোনো অপশক্তি কিছু করতে পারবে বলে মনে করি না।

পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, বিশ্বে যত বড় বড় রাজনৈতিক নেতা আছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাত্তরের পরাজিত শক্তি বারবার তাঁর জীবননাশের চেষ্টা করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ অনেক ঘটনাই ঘটেছে। এসব বিষয় সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এসবি, র‌্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা কর্মকর্তারা কাজ করছেন। তিনি সবসময় ঝুঁকির মধ্যে থাকেন। বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে। এর বাইরে সিসি ক্যামেরা, ডগ স্কোয়াড, আর্চওয়ে স্থাপনসহ সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আওয়ামী লীগের সম্মেলন যেন উৎসবমুখর পরিবেশে, নির্বিঘ্নে হতে পারে সেজন্য সব ব্যবস্থা করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত