বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

পঞ্চগড়ে বিএনপি কর্মীর মৃত্যু হৃদরোগে, পুলিশের আঘাতে নয় : ড. হাছান মাহমুদ

সিপি ডেস্ক :

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পঞ্চগড়ে শনিবার বিএনপির গণমিছিলের কাছে আব্দুর রশিদের মৃত্যুর কারণ হৃদরোগ, পুলিশের আঘাতে নয় এবং কর্মীদের সংঘাতের দিকে ঠেলে দেওয়া সমীচীন নয়।

সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. হাছান বলেন, পঞ্চগড়ে যে ব্যক্তি মারা গেছেন, তিনি বিএনপি করতেন এবং যে কোনো মৃত্যুই বেদনাদায়ক। সেজন্য আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। তবে তার মৃত্যু পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে নয়। তিনি হৃদরোগী ছিলেন, তার বাইপাস সার্জারি হয়েছিল। তিনি বিএনপির মিছিলে এসেছিলেন বটে। কিন্তু আগেই একটি মসজিদের সামনে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সম্প্রচারমন্ত্রী বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এসেছে- তার মৃত্যু হার্ট অ্যাটাকেই হয়েছে। তবে বিএনপি তাদের কর্মীদের  সব সময় সংঘাতের দিকে ঠেলে দেয়, যা সমীচীন নয়। এই সাংঘর্ষিক রাজনীতি দেশের কোনো কল্যাণ বয়ে আনে না, তাদের দলের জন্যও এ পর্যন্ত কল্যাণ বয়ে আনেনি। এই সাংঘর্ষিক রাজনীতি বিএনপির পরিহার করা উচিত।

দলের শীর্ষ যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হাছান মাহমুদের মন্তব্য চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন, আমার কর্তব্য হচ্ছে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করা। আমি দুই দশক ধরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য হিসাবে সব সময় সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি, ভবিষ্যতের পথ চলায়ও সাংবাদিকদের সহযোগিতা চাই।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত