সিপি ডেস্ক :
৭ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। গতকাল সদ্যসমাপ্ত হিসাব বছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ঘোষণা দেয় কোম্পানিটি।
সূত্রে জানা যায়, এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৫ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ মার্চ। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। যা গত বছরের একই সময় ছিল ৩৪ পয়সা। অর্থাৎ বছর ব্যবধানে কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়েছে ১ পয়সা। বছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮২ পয়সা। যা আগের হিসাব বছর শেষে ছিল ১২ টাকা ৬৪ পয়সা। উক্ত সময়ে রবি আজিয়াটার শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৭ টাকা ১২ পয়সা। যা আগের বছর ছিল ৬ টাকা ২২ পয়সা। অর্থ্যাৎ গত হিসাব বছরে শেয়ার প্রতি আয়, শেয়ার প্রতি সম্পদ, শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ-ফ্লো সবই বেড়েছে টেলিকম খাতের দ্বিতীয় বড় এই কোম্পানিটির। যদিও আয়ের দিক থেকে এখনও গ্রামীণফোনের চেয়ে অনেকটা পিছিয়ে রবি।
২০২০ সালে দ্বিতীয় মোবাইল টেলিকম কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় রবি আজিয়াটা লিমিটেড। অভিহিত মূল্য ১০ টাকা করে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করে কোম্পানিটি। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটার পরিশোধিত মূলধন সবচেয়ে বেশি। দেশের ইতিহাসে রবি আজিয়াটার প্রাথমিক গণপ্রস্তাবটি( আইপিও) ছিল আকারের দিক থেকে সবচেয়ে বড়।


