নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং ও রাসায়নিক পদার্থ মিশিয়ে মসলা তৈরি করে বাজারজাত করার অভিযোগ দশজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৩ মে) নগরীর বাকলিয়া থানাধীন চাকতাই এলাকার জসিমের ক্রাসিং মিলের ভেতর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মিলের মালিক জসিম উদ্দিন (৪০), মো. শরীফ হোসেন (৪০), মো. আলাউদ্দিন (৩৬), মো. জিলানী (২০), মো. সুজন (১৯), মো. সাইদুল (২০), আবদুল কাদের (৩৮), মো. সজল (৪৩), মো. দেলোয়ার হোসেন (৪৮), এবং মো. কামরুল হাসান (২৫)।
https://fb.watch/kNhvBFR8aU/
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, কতিপয় ব্যবসায়ী বাকলিয়া থানাধীন চাকতাই এলাকার জসিমের ক্রাসিং মিলের ভেতর ভেজাল মশলা তৈরী ও বিক্রির জন্য মজুদ করছে। এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ভেজাল মেশানোর সময় দশজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিল ঘরের ভেতর তল্লাশী করে ভেজাল রং মিশ্রিত প্রায় ৬০০ কেজি হলুদ, মরিচ ও ধনিয়া গুড়া এবং ১২ কেজি ভেজাল রং ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে অসৎ উপায় অবলম্বন করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন ধরনের মশলাসহ মরিচের গুড়ার সঙ্গে বিভিন্ন রং ও রাসায়নিক পদার্থ মিশ্রন করে ভেজাল মশলা তৈরী করে আসছিল।
উল্লেখ্য, এই সব ভেজাল মশলা চট্টগ্রাম জেলার বিভিন্ন বাজার ছাড়াও, আশেপাশের বিভিন্ন জেলায় পাইকারদের মাধ্যমে বিক্রি করে আসছে বলে জানায়।


