নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে ৭৩ জনের মৃত্যু হলো। পাশাপাশি মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ২৯৫ জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে মো. সরফুদ্দিন চৌধুরী (১৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সরফুদ্দিন রাউজান উপজেলার বাসিন্দা। গত ২৪ সেপ্টেম্বর ডেঙ্গু উপসর্গ নিয়ে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। ২৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজকের প্রতিবেদনে তাদের মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে।’
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ১০৬ এবং বেসরকারি হাসপাতালে ১৮ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ৩৪২ রোগী।
সুজন বড়ুয়া বলেন, ‘চলতি সেপ্টেম্বরে তিন হাজার ৫০৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২০ জন। আগস্ট মাসে তিন হাজার ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন, এর মধ্যে মারা গেছেন ২৮ জন। গত জুলাই মাসে দুই হাজার ৩১১ জন আক্রান্ত হন, মারা গেছেন ১৬ জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু ছয় জনের। মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন।
আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ছয় হাজার ৪৮৪ জন এবং জেলার অন্যান্য এলাকার দুই হাজার ৮১১ জন। তাদের মধ্যে পুরুষ চার হাজার ২৫৪, নারী দুই হাজার ৫৭৮ এবং শিশু দুই হাজার ৪৬৩ জন। ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৩ জন, নারী ২৫ জন ও শিশু ২৫ জন।


