নিজস্ব প্রতিবেদক :
চাহিদার চাঁদা না পেয়ে চট্টগ্রামে একটি আবাসন প্রতিষ্ঠানের কর্মচারিকে মারধর করেছে সন্ত্রাসীরা। শনিবার (৭ অক্টোবর) রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর-অক্সিজেন সড়কের হযরত আবেদ শাহ (রহ.) মাজার সংলগ্ন এসএস নূর কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। হামলায় আহত কর্মচারির নাম মো. বাবুল মিয়া (২৬)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। এ ঘটনায় ভবনটির নাইটগার্ড মো. কামাল উদ্দিনও (৫০) আহত হন। এসএস নূর কমপ্লেক্স ভবনটি নির্মাণ করছে সিদরাত-সাইফ ডেভেলাপার এন্ড কনস্ট্রাকশন কোম্পানি।
আহত মো. বাবুল জানান, শনিবার রাতে আমাকে অফিস থেকে ডেকে নিয়ে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী অতর্কিতভাবে আমার উপর হামলা করেছে। লোহার রড, লাঠি-সোটা এবং কিল-ঘুষি দিয়ে আহত করে। আমার মোবাইল ফোন এবং মানি ব্যাগ কেড়ে নিয়ে গেছে হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দেন।
সিদরাত-সাইফ ডেভেলাপার এন্ড কনস্ট্রাকশন কোম্পানি’র প্রকৌশলী মো. শফিকুল আলম মুবিন বলেন, ‘কিছু সন্ত্রাসী আমাদের প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দিত তারা। চাহিদার চাঁদা না পেয়ে শনিবার রাতে অতর্কিতভাবে আমাদের অফিসের এক কর্মচারির উপর হামলা করে আহত করেছে। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।
এদিকে, এসএস নূর কমপ্লেক্সের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে- শনিবার রাত ১০টা ১৬ মিনিটে আবাসন প্রতিষ্ঠানটির কর্মচারি মো. বাবুলকে অফিস থেকে দু’জন লোক ডেকে নিয়ে যায়। ভবনের পার্কিং স্থানে তার উপর অতর্কিতভাবে হামলা করে। এমনকি তাকে মাঠিতে ফেলে কিল, ঘুষিসহ মারতে দেখা গেছে। পরে হামলার শিকার বাবুল নিজেকে বাঁচাতে দৌঁড়ে বের হয়ে ভবনের ভেতর থেকে বাইরে চলে আসে। হামলাকারীরাও তার পিছু নিয়ে ভবনের সামনে আরেক দফা মারধর করতেও দেখা গেছে।


