নিজস্ব প্রতিবেদক :
সরকারি প্রটোকলে ও জাতীয় পতাকাবাহী গাড়িতে এসে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনায় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
শুক্রবার (১ ডিসেম্বর) চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের দায়িত্বে নিযুক্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ শেখ মো. মহিবুল্লাহ এ নোটিশ দেন।
জারি করা নোটিশে সামশুল হক চৌধুরীকে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে আগামী রবিবার (৩ ডিসেম্বর) স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে, সামশুল হক চৌধুরী এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে মনোনয়ন ফরম জমা দেন।
তার আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। তার বিপরীতে মনোনয়ন বঞ্চিত হয়ে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচনি আচরণ বিধি লংঘন বিষয়ে ব্যখ্যা প্রদান প্রসঙ্গে চিঠিতে আরো বলা হয়, সামশুল হক চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী। আপনি গত ৩০ নভেম্বর দুপুর ২ ঘটিকায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়-চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। এসময় আপনাকে বহনকারী গাড়িতে জাতীয় পতাকা ছিল এবং সামনে ছিল চট্টগ্রাম নগর পুলিশের একটি গাড়ি যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি- ১৪ (১) ও ১৪ (২) এর সুস্পষ্ট লাগান মর্মে আপাতঃ প্রতিয়মান হয়।
এমতাবস্থায় আগামী ৩ নভেম্বর এর মধ্যে এই কমিটির নিকট উপরোল্লেখিত বিষয়ে ব্যখ্যা দাখিলের জন্য সিনিয়র সহকারী জজ আদালত, চন্দনাইশ কোর্ট, পটিয়া চৌকী, পটিয়া, চট্টগ্রামে অবস্থিত নিম্নসাক্ষরকারীর কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যখ্যা প্রদানের জন্য গনপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১-ক (৫)(ক) অনুচ্ছেদের ক্ষমতাবলে আপনাকে নির্দেশ প্রদান করা হলো।


