নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৫টিতে মোতায়েন করা হয়েছে ৭৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিজিবি সদস্যরা নগরীও জেলার নির্বাচনী এলাকায় টহল শুরু করেছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি।
চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসন রয়েছে। এরমধ্যে ১৫টি আসনে মোতায়েন করা হয় বিজিবি। চট্টগ্রামের একমাত্র দ্বীপ উপজেলা সন্দ্বীপে বিজিবি মোতায়েন করা হয়নি। ওই উপজেলায় পুলিশের পাশাপাশি নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখ-ভালো করবেন বাংলাদেশ নৌ বাহিনী।
বিজিবি চট্টগ্রাম-৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে চট্টগ্রামে ৭৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে বিজিবি সদস্যরা সংসদীয় আসনগুলোতে কাজ শুরু করেছে।
জানা গেছে, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে আগামী ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত সারা দেশের মতো চট্টগ্রামেও নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।


