নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আবুল কাশেম (৭১) নামে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ মে) ভোর ৪টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া আবুল কাশেম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুচরা এলাকার আব্দুল খালেকের ছেলে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মঞ্জুর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার রাতে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত কয়েদি আবুল কাশেম কারাগারে অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে রাত সাড়ে তিনটায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে ভোর ৪টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন।
কারাগার সূত্র জানিয়েছে, আবুল কাশেম বায়েজিদ বোস্তামী থানার মামলা নং ১৯(৬)০৪
হত্যা মামলায় চলতি বছরের ১৭ এপ্রিল কারাগারে আসেন। তিনি বার্ধক্য জনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।


