নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আমরা সহাবস্থানে বিশ্বাসী। আমাদের কোন বৈষম্য থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উদ্দেশ্য বৈসম্যহীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ করা।
তিনি আজ রোববার (৭ অক্টোবর) খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা পাহাড়ে স্থায়ী শান্তি ফেরাতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জনগোষ্ঠীকে আইন হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি সাম্প্রদায়িক সহিংসতা–সংঘাত না করে সকলকে শান্তিপূর্ণ সহবস্থান বজায় রাখার অনুরোধ জানান।
এসময় উপদেষ্টা দুই’শ দরিদ্র ও অসহায় পরিবারের প্রত্যেক পরিবারকে ২০ কেজি হারে চাল, ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারের প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও মৃত তিনজন ব্যক্তির প্রত্যেক পরিবারের মাঝে ১ লাখ টাকার অনুদান চেক বিতরণ করেন ।
পরে উপদেষ্টা খাগড়াছড়ি সদরে বিভিন্ন ঘটনায় নিহত জুনান চাকমা, রুবেল ত্রিপুরা ও মামুনের বাড়িতে যান এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। তিনি গত ১লা অক্টোবর অপ্রীতিকর ঘটনায় খাগড়াছড়ি সদরের মহাজন পাড়া, পান খাইয়া পাড়া রোডে ক্ষতিগ্রস্ত ডায়াগনস্টিক সেন্টার, ফার্নিচারের দোকান, ইজি বাইক মালিক কল্যাণ সমবায় সমিতি অফিস, বিউটি পার্লার, গার্মেন্টস ও পোশাকের দোকান, মনিহারি দোকান পরিদর্শন করেন ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কঙ্কন চাকমা, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ খাগড়াছড়ি জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সুধীজন এসময় উপস্থিত ছিলেন।
রাতে তিনি খাগড়াছড়ি সার্কিট হাউসে স্থানীয় গণ্যমান্য সুধীজনের সাথে মতবিনিময় করেন।


