নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে একটি চুরি হওয়া ব্যাগ থেকে সাড়ে সাত ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন, শাড়িসহ আনুষঙ্গিক সামগ্রী উদ্ধার করেছে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত নুর হোসেন কালু (৩১) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার নুর হোসেন কালু বাঁশখালী উপজেলার জলদি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে বাকলিয়ার হাফেজনগরে বসবাস করেন।
বুধবার (৯ জুলাই) বিকেল ৩টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দামপাড়া কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন।
তিনি বলেন, স্বপ্না রানী ধর (৫৮) নামে এক নারী গত ৭ জুলাই আনোয়ারা থেকে মুরাদপুর ইকবাল কনভেনশন হলে তার আত্মীয়ের বিয়ে অনুষ্ঠানে যাওয়ার পথে শহীদ বশরুজ্জামান গোলচত্বরে সিএনজি থেকে নেমে মোবাইলে কথা বলছিলেন। পাশে রাখা কাপড়ের ব্যাগটি তিনি ফোনালাপ শেষে খুঁজে পাননি। ব্যাগে সাড়ে সাত ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল, নগদ টাকা ও শাড়িসহ আনুষঙ্গিক সামগ্রী ছিল, যার মোট মূল্য প্রায় ১২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। তিনি ধারণা করেন, মোবাইলে কথা বলার সুযোগে অজ্ঞাত চোর তার ব্যাগটি চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় পরদিন ৮ জুলাই বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর-১২)। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় বাকলিয়া থানার এসআই মোবারক হোসেনকে। তিনি তদন্তের দায়িত্ব পেয়ে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র সাত ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত নুর হোসেন কালু (৩১) নামের একজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারের পর আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে পুলিশ তার বাসা থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার, মোবাইল ও শাড়ি উদ্ধার করে। উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে ছিল—এক জোড়া স্বর্ণের শাঁখা (১ ভরি), দুটি স্বর্ণের পলা (১ ভরি), একটি আয়স্থী চুড়ি (১০ আনা), একটি স্বর্ণের আংটি (৫ আনা), একটি গলার চেইন (১.৫ ভরি), একটি লকেটসহ চেইন (২.৩ ভরি), একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল এবং অন্যান্য কাপড়চোপড়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া নুর হোসেন কালুর বিরুদ্ধে সিএমপি’র বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, অস্ত্র আইনে মোট ১৩টি মামলা রয়েছে।


