নিজস্ব প্রতিবেদক :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে নগরীর নিউমার্কেট স্টেশন রোড সংলগ্ন বিভিন্ন হোটেল ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (৯ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল।
অভিযানকালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর মধ্যে গুলিস্তান হোটেলকে পঁচা ডিম দিয়ে খাবার প্রস্তুত ও অপরিচ্ছন্ন পরিবেশে রান্নার জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজাদী হোটেল এন্ড বিরিয়ানি রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাদ্যপণ্যে তেলাপোকার উপস্থিতি থাকায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গণি হোটেলকে শিল্প লবণ ব্যবহার ও নোংরা পরিবেশে রান্না করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে কাদের ফার্মেসিকে ২ হাজার টাকা এবং মূল্য কেটে অধিক দামে ওষুধ বিক্রির দায়ে শফি ইনানী ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক রানা দেবনাথ, মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার। অভিযানে ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মো. আফতাবুজ্জামান।
ভোক্তাদের স্বার্থে অধিদপ্তরের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


