নিজস্ব প্রতিবেদক :
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত নুর হোসেনকে দেখতে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টায় নগরীর শুলকবহর এলাকায় নুর হোসেনের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন জামায়াত নেতৃবৃন্দ। এ সময় তারা আহত নুর হোসেনসহ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের সুস্থতার জন্য দোয়া করেন। মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক, চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম-৯ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এ. কে এম ফজলুল হক ও চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার।
উপস্থিত ছিলেন, কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, চকবাজার থানা সেক্রেটারি সা’দুর রশিদ চৌধুরী, পাঁচলাইশ থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি তাওহিদ আজাদ, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড এমারতের সেক্রেটারি এরশাদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ প্রমুখ।
এ সময় চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে। তাদের ত্যাগ- কোরবানির বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। শহীদ ও আহতদের পরিবারের পাশে সরকার দাঁড়ানোর ঘোষণা দিলেও সকল আহত ও পঙ্গত্ববরণকারীরা এখনো পর্যাপ্ত সাহায্য সহযোগিতা পায়নি।
তিনি বলেন, আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কেউ যদি আবার ভোটারবিহীন নির্বাচনের দিকে আগায়, তাহলে তাদের পরিণতি অতীতের মতোই হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সরকারের দায়িত্ব। এর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না।


