বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে চট্টগ্রামে আকাশে একসাথে উড়বে প্রায় ১ হাজার ড্রোন

নিজস্ব প্রতিবেদক :

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো’ প্রদর্শিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শো-তে আকাশে একসাথে উড়বে প্রায় ১ হাজার ড্রোন, যা ক্যালিগ্রাফির মাধ্যমে তুলে ধরবে জুলাইয়ের বিভিন্ন ঘটনা ও বীরত্ব গাঁথা।

অনুষ্ঠান উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) রাতে জেলা সার্কিট হাউজে একটি সমন্বয় সভায় এইসব তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সভায় ফারুকী বলেন, ‘এই আয়োজন কেবল স্মরণ নয়, এটি আমাদের জাতীয় চেতনার পুনর্জাগরণ। ড্রোন ডিসপ্লে’র মাধ্যমে তুলে ধরা হবে জুলাইয়ের বীরগাঁথা। চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে আমি আহ্বান জানাবো অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। কীভাবে ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে বাংলাদেশ কোন জায়গা থেকে এখানে এসে পৌঁছাল, সেটা তুলে ধরা হবে। ‘

ড্রোন শো দেখার জন্য লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিএমপি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহযোগিতায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ড্রোন শো ছাড়াও মাসব্যাপী নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে: প্রতীকী ম্যারাথন, বৃক্ষরোপণ, ২৪-এর গ্রাফিতি প্রতিযোগিতা, শিশু শহীদদের স্মরণে গান-কবিতা-চিত্রাঙ্কন আয়োজন, ‘মাদারস অব জুলাই’ সমাবেশ, ‘জুলাই হিরোস’ সম্মাননা, চলচ্চিত্র প্রদর্শনী এবং প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা সম্প্রচার।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত