স্টাফ রিপোর্টার: মহামারি করোনার মধ্যে যাতে খাদ্য সংকট না হয়, সেজন্য প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলাতে চায় কৃষি বিভাগ। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাও আছে। সে লক্ষ্যে আগের চেয়ে এবার বেশি জমিতে আউশের চাষ করতে চায় কৃষি সম্প্রসারণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চল।
চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ১ লাখ ৩০ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আউশ ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের তথ্যমতে, চট্টগ্রাম জেলায় আউশ আবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার ৪২৭ হেক্টর জমি। এর মধ্যে হাইব্রিড চাষের লক্ষ্যমাত্রা ৪ হাজার ৭২৭ হেক্টর, উচ্চ ফলন শীল (উফশী) ২৬ হাজার ৯০০ ও স্থানীয় পর্যায়ে ৮ হাজার ৮০০ হেক্টর।
কক্সবাজার জেলায় হাইব্রিড ৫ হেক্টর ও উফশী ৪ হাজার হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নোয়াখালী জেলায় হাইব্রিড ৫ হেক্টর, উফশী ৩৬ হাজার ৮৫৬ ও স্থানীয় পর্যায়ে ৪ হাজার ৬৪৪ হেক্টরসহ মোট ৪১ হাজার ৫০৫ হেক্টর জমিতে আউশ ধান রোপণ করা হবে।
ফেনী জেলায় আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৯৫ হেক্টর। এর মধ্যে হাইব্রিড ৬৪ হেক্টর, উফশী ১০ হাজার ৫২১ হেক্টর ও স্থানীয় পর্যায়ে ১ হাজার ৫১০ হেক্টর।
লক্ষ্মীপুর জেলায় আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৪১৩ হেক্টর। এর মধ্যে হাইব্রিড ১৩ হেক্টর, উফশী ২৯ হাজার ৪০০ হেক্টর ও স্থানীয় পর্যায়ে ৩ হাজার হেক্টর।
কৃষি সম্প্রসারণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আছে প্রতি ইঞ্চিতে যেন ফসল ফলে। সেই লক্ষ্যে কৃষি বিভাগ কাজ করছে। কৃষকদের প্রণোদনাসহ প্রয়োজনীয় সব উপকরণ দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি এবার আউশ আবাদে লক্ষ্যমাত্রা পূরণ করার।


