লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম হাসান (২২)। তিনি লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পশ্চিম চুনতির হাদুর পাহাড় এলাকার সৈয়দ আহমেদের ছেলে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘সৈকত এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল ছিল চুনতি হাফেজিয়া মাদ্রাসার উত্তর পাশের রেলক্রসিংয়ের কাছে।
স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ রয়েল জানান, রাত সাড়ে ৯টার দিকে ট্রেনের শব্দ শোনার পর সাড়ে ১০টার দিকে স্থানীয়রা রেললাইনের মাঝখানে ছিন্নভিন্ন অবস্থায় হাসানের মরদেহ পড়ে থাকতে দেখেন।
লোহাগাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. লোকমান বলেন, “কক্সবাজার থেকে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস ট্রেন রাত ১০টার দিকে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর শুনেছি।”
ময়নাতদন্তের জন্য মরদেহ লোহাগাড়া থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।


