২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
ভাষণে ড. ইউনূস বলেন, “অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন আগামী রমজানের আগেই—২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা হয়।”
এ সময় তিনি দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পটভূমি তুলে ধরে বলেন, কোটা পুনর্বহালকে কেন্দ্র করে স্বৈরাচার সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন দাবানলে রূপ নেয়। তিনি বলেন, “সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায়ের পর শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। স্বৈরাচার সরকারের তুচ্ছতাচ্ছিল্য, দমন-পীড়ন, নির্বিচারে গুলিবর্ষণ, নির্মম হত্যাযজ্ঞ তাদের ক্ষোভকে দাবানলে পরিণত করে।”
ড. ইউনূস বলেন, “আজ ৫ আগস্ট, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। এক বছর আগে এই দিনে পূর্ণতা পায় জুলাই গণঅভ্যুত্থান। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ।”
তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আন্দোলনের শহীদদের—”আজকের দিনে আমি জাতির সূর্যসন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, দৃষ্টি হারিয়েছেন—জাতির পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।”
ভাষণে তিনি ছাত্র-শ্রমিক-জনতার সাহসিকতা ও নারীদের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন এবং সবাইকে আসন্ন নির্বাচনের প্রস্তুতির আহ্বান জানান।


