বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

এক ব্যক্তিকে আটকের পর তার স্বজনদের কাছ থেকে দুই লাখ টাকা ‘চাঁদা’ না পেয়ে তাকে ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে চট্টগ্রাম মহানগর পুলিশের দুই গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ারের আদালতে এই মামলা করেন নগরীর ডবলমুরিং এলাকার বাসিন্দা মোছা. সাবিনা।

মামলায় আসামি করা হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের বন্দর অঞ্চলের এসআই মো. মহসিন এবং এসআই মো. আজাদকে।

বাদীর আইনজীবী মো. আফজাল হোসাইন জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, গত ২২ জুলাই বিকেলে বাদীর খালাত ভাই মো. জাকিরকে নগরীর কদমতলি মোড় এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ মনসুরাবাদে তাদের কার্যালয়ে নিয়ে যায়। সেখানেই তার কাছ থেকে দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় বলে অভিযোগ।

সাবিনা জানান, খবর পেয়ে সেদিন রাতেই তিনি গোয়েন্দা কার্যালয়ে যান। তখন ওই দুই পুলিশ সদস্য তাকে জানান, জাকিরকে তিন হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এক লাখ টাকা দিলে তার বিরুদ্ধে ৪০০ ইয়াবার মামলা হবে, আর দুই লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে।

ওই রাতেই জাকিরের স্ত্রীর সঙ্গে আলোচনা করে পরদিন সকালে সাবিনা জানান যে এত টাকা তারা দিতে পারবেন না। পরে টাকা না পাওয়ায় ২৩ জুলাই ডবলমুরিং থানায় ‘৪০০ ইয়াবা উদ্ধারের’ অভিযোগে মামলা দিয়ে জাকিরকে আদালতে পাঠানো হয়।

যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেই দুই পুলিশ সদস্যের বক্তব্য পাওয়া যায়নি। তবে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম জানান, আদালতে মামলা হয়েছে এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত