মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসেন তারা। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হয়।
এর আগে পুত্রজায়ায় পৌঁছালে ড. ইউনূসকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে দুই নেতা একান্ত বৈঠকে মিলিত হন। বৈঠক শুরুর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। আনোয়ার ইব্রাহিম নিজ কার্যালয়ে ড. ইউনূসকে স্বাগত জানান এবং কূটনীতিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় পুত্রজায়ায় বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৫টা ৫০ মিনিট) তিনি সেখানে পৌঁছান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। সেখানেও তাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার সফরে অভিবাসন ও বিনিয়োগ-সম্পর্কিত বিষয় অগ্রাধিকার পাবে বলে আগেই জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আজ তিনি একটি ব্যবসায়ী সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। আগামীকাল বুধবার মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান (ইউকেএম) তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে, যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও উপস্থিত থাকতে পারেন।
সফরকালে মোট পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন ড. মুহাম্মদ ইউনূস।


