চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা অপরিসীম। তাই শুধু চাকরির দিকে না তাকিয়ে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা জরুরি। উদ্যোক্তা সৃষ্টি হলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা বেকারত্ব হ্রাসে বড় ভূমিকা রাখবে।
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে সোমবার (১১ আগস্ট) চট্টগ্রামের সার্কিট হাউস কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভা, শপথ গ্রহণ, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র ডা. শাহাদাত বলেন, “যুব সমাজের মেধা, সৃজনশীলতা ও উদ্যমকে কাজে লাগাতে হলে প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ দিতে হবে। পরিবার, সমাজ ও সরকারকে একসাথে কাজ করতে হবে, যাতে যুবরা আত্মকর্মসংস্থানমুখী হয়।”
বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান ও জেলা প্রশাসক ফরিদা খানম।
মেয়র আরও বলেন, “শুধু কর্মসংস্থান নয়, উদ্যোক্তা সৃষ্টি দেশের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করবে। তরুণদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আমরা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি।”


