চট্টগ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিএমপির উপ-কমিশনার (পোর্ট) আমিরুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ।
বুধবার (১৩ আগস্ট) সকালে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নগরীর পোর্ট জোন কার্যালয়ে গিয়ে উপ-কমিশনারের সঙ্গে বৈঠক করেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মহানগরীর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনে দলীয় প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী; বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান; সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম-১১ আসনে প্রার্থী শফিউল আলম; চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন।
মতবিনিময়কালে জামায়াত নেতারা বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, উসকানিমূলক কর্মকাণ্ড এড়িয়ে চলা এবং গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন চট্টগ্রাম বন্দর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।
এ সময় বন্দর থানা এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।
জামায়াত নেতারা পুলিশ প্রশাসনকে যেকোনো সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


