চট্টগ্রামের বোয়ালখালীতে স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে ‘শিশু চোর’ অপবাদ দিয়ে ২০ বছর বয়সী এক তরুণীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। এসময় তার কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই তরুণী। বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পশ্চিম শাকপুরার নবাব আলীর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গাছের সঙ্গে বেঁধে ওই তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

ভুক্তভোগী ওই তরুণী নগরের হালিশহরের একটি পোশাক কারখানায় কাজ করেন। তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়।
এ ঘটনায় ই তরুণী বোয়ালখালী থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ৯ আসামি হলেন- পশ্চিম শাকপুরা গ্রামের আজিজুল হক (৩৫), তার স্ত্রী জাহিদা আকতার (২৫), ভাই সাদ্দাম হোসেন (৩২) ও তার স্ত্রী খালেদা বেগম (৩০) এবং প্রতিবেশি আব্দুল মন্নান (৬০), ইকবাল (৩৫), জয় (১৯), রাশেদা বেগম (৩০) ও মোছাম্মৎ প্রিয়া (২৫)। এ ঘটনায় পুলিশ জাহিদা আক্তার নামে একজনকে বৃহস্পতিবার সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে।
মামলার এজাহারে তরুণী উল্লেখ করেন, একবছর আগে ইমো নম্বরে আজিজুল হকের সঙ্গে তার পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই মাস আগে আজিজুল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নগরীর হালিশহরে একটি ভাড়া বাসায় এনে রাখেন। কিন্তু গত দুই সপ্তাহ ধরে আজিজুল তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
আজিজুলের খোঁজে বুধবার বিকেলে তরুণী শাকপুরায় তার গ্রামের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, সে বিবাহিত। অথচ আজিজুল তাকে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে বলে জানিয়েছিল। তরুণী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ করেন। কিন্তু আজিজুল তার পরিবার ও এলাকার লোকজনের সামনে তরুণীকে চেনে না বলে জানায়।
এরপর আজিজুল ও তার স্ত্রী, পরিবারের অন্য সদস্যরা তরুণীকে মারধর শুরু করে। একপর্যায়ে তারা ওই তরুণীকে ‘বাচ্চা চোর’ আখ্যা দিয়ে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে তরুণীকে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়ি পেটাতে থাকেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে চিকিৎসা করায়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ এজহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে। বাকীদের গ্রেফতারে অভিযান চলমান আছে।’


