চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্রের মূর্ত প্রতীক। দেশ ও জনগণের স্বার্থে তিনি কখনও কোন অপশক্তির কাছে আপস করেননি। বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের নির্যাতন সহ্য করেও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশের মানুষের কাছে তিনি ‘দেশমাতা’ হিসেবে খ্যাতি অর্জন করেছেন।
তিনি বলেন, বেগম জিয়া একজন সাধারণ গৃহিণী থেকে রাজপথে নেমে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আবু সুফিয়ান অভিযোগ করে বলেন, বারবার মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছে, ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদ করা হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শ থাকা সত্ত্বেও উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।


