মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮০টি বৃক্ষ রোপণ করা হয়েছে। শুক্রবার উপজেলার বড়তাকিয়ায় ইকোনোমিক জোন সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি ৮০টি গাছ রোপণ করা হয়। এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, “গাছ হলো পরিবেশের পরম বন্ধু। আমরা চাই পরিবেশ সংরক্ষণ ও সুস্থ সমাজ গঠনে সকলে একসাথে এগিয়ে আসুক। এই কর্মসূচির মাধ্যমে আমরা নিরাপদ মিরসরাই গড়তে এক লক্ষ দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের সূচনা করলাম। এটি কেবল কার্বন ডাই অক্সাইড কমাবে না, বরং আগামী প্রজন্মের জন্য সবুজ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করবে।”
বৃক্ষরোপণ কার্যক্রম শেষে দক্ষিণ সৈদালী জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত জনতা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করেন। স্থানীয়রা জানান, এই ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সুস্থ জীবনধারার প্রচার করার পাশাপাশি সামাজিক সম্প্রীতিও মজবুত করবে।
শাহিদুল ইসলাম চৌধুরী ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব ও সমাজকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।


