সাম্প্রদায়িকতা থাকলে কোনো দেশ কখনো উন্নত হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
রবিবার (১৭ আগস্ট) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ঐতিহাসিক জেএমসেন হলে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে মাতৃসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি এদেশের আবহমান কাল থেকে চলে আসছে, যা বিশ্বে বিরল। বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের। তবে একটি গোষ্ঠী সবসময় ধর্মকে ব্যবহার করে বিভাজন তৈরি করতে চায়। কিন্তু সাধারণ মানুষ সাম্প্রদায়িকতাকে প্রতিবারই রুখে দিয়েছে। এদেশে ধর্ম ব্যবসায়ীদের কোনো স্থান হবে না।’
তিনি আরও বলেন, ‘শ্রীকৃষ্ণ মানবপ্রেম ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। অন্যায়-অবিচারের বিরুদ্ধে তিনি আজীবন সংগ্রাম করেছেন। মহাভারতের যুদ্ধে সত্য ও ধর্মের পক্ষে অবস্থান নিয়েছেন। দ্রৌপদীর পক্ষে দাঁড়িয়ে নারীর মর্যাদাকে সমুন্নত করেছেন। নারীর প্রতি সম্মান জানানো ও মর্যাদা রক্ষা করা শ্রীকৃষ্ণের অন্যতম শিক্ষা।’
শ্রীশ্রী জন্মাষ্টমী উৎসবের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনের মাতৃসম্মেলন ও মহাধর্মসম্মেলনে সভাপতিত্ব করেন শ্রীমতি ঊষা আচার্য্য। উদ্বোধক ছিলেন মা কানন বালা দেবী (সন্তোষী মা)। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী।
এছাড়াও আলোচনায় অংশ নেন শিক্ষিকা মৌসুমি চৌধুরী, বৃষ্টি বৈদ্য, অশ্রু চৌধুরী, সোমা দাশ, অধ্যাপিকা অপর্না বিশ্বাসসহ বিভিন্ন ধর্মীয় গুরু ও বক্তারা।


