বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ধারণক্ষমতার সীমায় চট্টগ্রাম বন্দর, কনটেইনার জটে নতুন নির্দেশনা এনবিআরের

সাকিব উদ্দিন :

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট ক্রমেই ঘনীভূত হচ্ছে। প্রতিদিন নতুন কনটেইনার যুক্ত হলেও একই হারে খালাস না হওয়ায় বন্দরের ধারণক্ষমতা প্রায় পূর্ণ হয়ে গেছে। এতে আশঙ্কা তৈরি হয়েছে, দ্রুত ব্যবস্থা না নিলে হ্যান্ডলিং ও ডেলিভারিতেও সমস্যা দেখা দিতে পারে।

জট কমাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) বা অফডকগামী কনটেইনারগুলো একই দিনে নির্ধারিত ডিপোতে সরিয়ে নিতে হবে। কোনো চালানের সব কনটেইনার প্রথম দিনেই সরানো সম্ভব না হলে দ্বিতীয় দিনের মধ্যে অবশ্যই স্থানান্তর করতে হবে।

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও টার্মিনালে ২০ ফুট এককের ৫৩ হাজার ৫১৮টি কনটেইনার রাখার সুযোগ আছে। এর বিপরীতে মঙ্গলবার সকাল ৮টায় বন্দরে জমা ছিল ৪৮ হাজার ৭৫১টি কনটেইনার। আগের দিন সোমবার ছিল ৪৮ হাজার ৪৯৪টি এবং রোববার একই সময়ে ছিল ৪৯ হাজার ১৩১টি। সোমবার বন্দরের মাধ্যমে কনটেইনার ডেলিভারি হয়েছে তিন হাজার ৮৩২টি এবং মঙ্গলবার ডেলিভারি হয়েছে চার হাজার ২৫৪টি।

বন্দর সচিব ওমর ফারুক বলেন, বন্দরের ডেলিভারি ও হ্যান্ডলিং কার্যক্রম স্বাভাবিক আছে। মূলত শুক্র ও শনিবার ডেলিভারি কম হওয়ায় কনটেইনার জমে যায়। তবে এ দুই দিন অন্য দিনের মতো ডেলিভারি হলে কোনো সংকট থাকবে না। তিনি আশা প্রকাশ করেন, সপ্তাহখানেকের মধ্যে কনটেইনার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

তিনি আরও জানান, বন্দরে খালি কনটেইনার জমে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। এর বাইরে ১০ হাজারের বেশি নিলামযোগ্য কনটেইনার এবং প্রায় ৩০০টি ধ্বংসযোগ্য পণ্যভর্তি কনটেইনার জায়গা দখল করে আছে। এগুলো সরানো গেলে বন্দরের প্রায় ২০ শতাংশ জায়গা খালি হয়ে যেত, যেখানে নতুন কনটেইনার রাখা সম্ভব হতো।

এনবিআরের নতুন নির্দেশনায় বলা হয়েছে, আইসিডিগামী কনটেইনার এক দিনেই খালাস করতে হবে। কোনো চালানের সব কনটেইনার অফডকে স্থানান্তরিত হওয়ার পরই চার্জ প্রযোজ্য হবে। তবে বিশেষ পরিস্থিতি বা ধারণক্ষমতার সীমাবদ্ধতা দেখা দিলে চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনারের বিবেচনায় ‘ডুয়াল ডেলিভারি’র অনুমতি দেওয়া যেতে পারে।

গত ১৪ আগস্ট এনবিআরের দ্বিতীয় সচিব (শুল্ক, রপ্তানি নীতি ও বন্ড) মো. আল আমিন এ-সংক্রান্ত একটি সার্কুলারে তিন দফা নির্দেশনা জারি করেন। এ নির্দেশনা আইসিডি মালিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পাঠানো হয়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ৬৫ ধরনের আমদানি পণ্য বেসরকারি আইসিডিতে স্থানান্তর করে খালাস নেওয়া হয়। তবে এবার প্রথমবারের মতো এসব পণ্য এক দিনে স্থানান্তরের বাধ্যবাধকতা দেওয়া হলো।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত