চট্টগ্রামের লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান স্থানীয় জনগণের উদ্দেশে সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেন, রাত্রিবেলা অযথা বাইরে ঘোরাফেরা করা থেকে বিরত থাকতে হবে। লোহাগাড়া এলাকায় সব ধরনের ফুটবল টুর্নামেন্ট রাত ১২টার মধ্যে শেষ করতে হবে। এলাকায় সন্দেহভাজন কোনো ব্যক্তি দেখা গেলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানাতে হবে।
তিনি আরও জানান, অপ্রয়োজনে চায়ের দোকান কিংবা রেস্টুরেন্ট খোলা রাখা যাবে না, কারণ অপরাধীরা প্রায়ই এসব স্থানের সুযোগ নেয়। এলাকাবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে নিজেদের এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নাম, ঠিকানা ও ফোন নম্বর সংগ্রহে রাখতে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাতের বেলা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে তাদের থানায় নিয়ে আসা হবে এবং যাচাই–বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে।
চুরি, ডাকাতি ও ছিনতাই প্রবণতা কমাতে নিজ নিজ এলাকায় পাহারার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি মোটরসাইকেল যেখানেই রাখা হোক না কেন, ডাবল লক করে রাখতে এবং ব্যক্তিগত সিসি ক্যামেরা স্থাপন করে নিয়মিত মনিটরিং চালিয়ে যাওয়ারও পরামর্শ দেন।
ওসি আরিফুর রহমান বলেন, ‘আমরা পুলিশ এবং সম্মানিত এলাকাবাসী যদি একসাথে কাজ করি, কোনো অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকবে না। লোহাগাড়া থানা সবসময় আপনাদের পাশে রয়েছে।’


