বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হবে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে অযথা দূরত্ব তৈরি হলে পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। এজন্য তিনি গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

গতকাল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাজিব আহসান। সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

তারেক রহমান বলেন, “নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সহযোদ্ধা রাজনৈতিক দলের কোনো কোনো বক্তব্য গণতন্ত্রকামী জনগণের মনে নানা প্রশ্ন তৈরি করেছে। একাত্তর ছিল স্বাধীনতার যুদ্ধ, আর ২০২৪ হচ্ছে স্বাধীনতা রক্ষার যুদ্ধ। হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে এক ফ্যাসিস্ট শাসকের পদত্যাগ ও পলায়নের পর গণতান্ত্রিক শক্তির মধ্যে অহেতুক বিভেদ সৃষ্টি করা শহীদদের আত্মত্যাগের অবমাননা।”

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার মাধ্যমেই শহীদদের রক্তের ঋণ শোধ করা সম্ভব। এজন্য কথার রাজনীতি বাদ দিয়ে কাজের রাজনীতিতে মনোযোগী হতে হবে। প্রতিশোধ ও প্রতিহিংসার পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির গুণগত পরিবর্তন ঘটাতে হবে।

বিএনপির আগামী দিনের রাজনীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, “বিএনপির আগামী দিনের রাজনীতি হবে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি। তা দেশের ভেতরে হোক বা বিদেশে—মূল লক্ষ্য হবে কর্মসংস্থান সৃষ্টি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত