বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

অস্বাস্থ্যকর মিষ্টিমুখ কারখানাকে এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণের অভিযোগে এক মিষ্টিমুখের কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস।

অভিযানে দেখা গেছে, কারখানার চারপাশে নোংরা পরিবেশ বিরাজ করছে। পণ্যের লেবেলিং ঠিকমতো করা হয়নি, খাদ্যকর্মীরা ইউনিফর্ম পরে নেই এবং বিভিন্ন লাইসেন্স ও অনুমোদন সনদও অনুপস্থিত ছিল। এসব অমান্যতার কারণে কারখানাকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সতর্ক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস বলেন, “চকবাজারের এই মিষ্টিমুখের কারখানাটির চারপাশের পরিবেশ অস্বাস্থ্যকর। খাদ্যমান ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।”

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টীম।

জানা গেছে, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং অস্বাস্থ্যকর উৎপাদন পদ্ধতি রোধ করার লক্ষ্যে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত