বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

থাইল্যান্ড বিদেশি পর্যটক বাড়াতে দেবে বিনামূল্যে বিমানের টিকিট

নিজস্ব প্রতিবেদক :

থাইল্যান্ড বিদেশি পর্যটক বাড়াতে নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে। দেশটির পর্যটন ও ক্রীড়ামন্ত্রী সরাওয়ং থিয়েনথং আন্তর্জাতিক পর্যটকদের থাইল্যান্ডে ভ্রমণের সময় বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, থাইল্যান্ড সরকার আশা করছে, ২০২৫ সালের শেষ নাগাদ অন্তত দুই লাখ আন্তর্জাতিক পর্যটক এ উদ্যোগের মাধ্যমে থাইল্যান্ডে ভ্রমণে উৎসাহিত হবে।

এ উদ্যোগে দেশীয় বিমান ভ্রমণে ভর্তুকি প্রদান করা হবে, যাতে পর্যটকরা শুধু বড় শহরেই সীমাবদ্ধ না থেকে দেশের অন্যান্য গন্তব্যও ঘুরে দেখতে পারেন। সরকারের পক্ষ থেকে ৭০০ মিলিয়ন বাথের বাজেট প্রস্তাব করা হয়েছে। একমুখী টিকিটে ১,৭৫০ বাথ এবং রিটার্ন টিকিটে ৩,৫০০ বাথ পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে।

এ উদ্যোগ বাস্তবায়নে ছয়টি এয়ারলাইন্সের সঙ্গে অংশীদারিত্ব করা হবে—থাই এয়ারএশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ, নক এয়ার, থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল, থাই লায়ন এয়ার ও থাই ভিয়েতজেট।

সরাওয়ং জানান, প্রস্তাবটি আগামী সপ্তাহে মন্ত্রিসভায় তোলা হবে। অনুমোদন মিললে থাইল্যান্ড ট্যুরিজম অথরিটি (টিএটি) এটি ‘বাই ইন্টারন্যাশনাল, ফ্রি থাইল্যান্ড ডোমেস্টিক ফ্লাইটস’ কর্মসূচির আওতায় বাস্তবায়ন করবে। এটি চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে এবং ভ্রমণ কার্যক্রম অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে।

তিনি আরও বলেন, সরকারের এই উদ্যোগে অন্তত দুই লাখ বিদেশি পর্যটককে আকৃষ্ট করা হবে। তারা দেশের বিভিন্ন গন্তব্য ঘুরে দেখতে পারবেন, বিশেষ করে ইউনেস্কো স্বীকৃত শহর, জনপ্রিয় পর্যটনকেন্দ্র এবং প্রধান আকর্ষণীয় জায়গাগুলোতে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত