বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

সাতকানিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী শিক্ষা সমাবেশ

পেশাগত ঐক্যের মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায়ের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে দেওদিখী উচ্চ বিদ্যালয়ে কর্মী শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত এ সমাবেশে শ্রমিকদের অধিকার আদায়ে পেশাগত ঐক্যের গুরুত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা বদরুল হক। তিনি বলেন, নির্দিষ্ট পেশার শ্রমিকরা যখন একত্রিত হয়, তখন তাদের বৈধ দাবি আদায়ের সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পায়। ঐক্যবদ্ধ শ্রমিকরা সরকারি প্রোগ্রাম, মিল-কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে অংশগ্রহণ করে কার্যকরভাবে নিজেদের অধিকার ও আইনগত দাবি তুলে ধরতে পারে।

তিনি আরও বলেন, সংগঠিত শ্রমিকরা শুধু শোষণ ও অন্যায় থেকে নিজেদের রক্ষা করতে পারে না, বরং কর্মস্থলের পরিবেশ, বেতন, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষাও নিশ্চিত করতে সক্ষম হয়। এই ঐক্য তাদের আইনি সুরক্ষা প্রদান করে এবং সরকারি নীতিমালায় প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি ডা. মুহাম্মদ ইউনূস এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নূর হোসাইন, মাওলানা আবুল ফয়েজ, উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, দিদারুল ইসলাম, খানে আলম, মাওলানা মোহাম্মদ ইলিয়াস, রেজাউল করিম, নুর মোহাম্মদ, মিজান সিকদার ও মঞ্জুরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শ্রমিক সমাজের উন্নতি ও কল্যাণে পেশাগত ঐক্যের গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্যও সংগঠিত শ্রমিক আন্দোলন অপরিহার্য। তারা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে শ্রমিকদের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং একটি ন্যায্য ও সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে উঠবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত