শনিবার (২৩ আগস্ট) কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ আওয়ামী লীগকে দমনমূলক ও ফ্যাসিস্ট গোষ্ঠী হিসেবে অভিহিত করেন এবং গণতন্ত্র পুনঃস্থাপনের আহ্বান জানান।
তিনি বলেন, “গণতন্ত্রের ভাষা হলো মানুষ যাকে পছন্দ করবে, তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। পিআর সিস্টেমে গণতন্ত্র নেই। কেউ কেউ পিআর-পিআর বলে চিৎকার করছে, উদ্দেশ্য কিন্তু পিআর না, উদ্দেশ্য হচ্ছে সুবিধা পাওয়া। ১৬ বছর ধরে মানুষ ভোটাধিকারের জন্য রক্ত দিয়েছে, সেই অধিকার প্রয়োগের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শেখ হাসিনার আমলে রাজনৈতিক কর্মকাণ্ড কারাগারে সীমাবদ্ধ ছিল। “বাংলাদেশকে করদ রাজ্য করার জন্য শেখ হাসিনা সবকিছু করেছেন। সাংবিধানিক প্রক্রিয়ায় গণতন্ত্রকে কবর দিয়েছেন। নির্বাচনের মৌসুম শুরু হয়েছে; ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হবে। আপনাদের এখন প্রতি ঘরে ঘরে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।”
তিনি আওয়ামী লীগকে ভারতের রাজনৈতিক প্রভাবের অংশ হিসেবে অভিহিত করে বলেন, “আওয়ামী লীগ ছিল একটি মাফিয়া শক্তি, সন্ত্রাসবাদী ও ফ্যাসিস্ট গোষ্ঠী। এ দলের ডিএনএ-তেই গণতন্ত্র নেই। দেশের বিরুদ্ধে কথা বললেই দমনমূলক আইন প্রয়োগ করা হয়, সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা হয়েছে।”
সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনামুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এম মোবারক আলী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না। এছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া ও সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী বক্তব্য রাখেন।
দীর্ঘ ৫ বছর পর জাঁকজমকভাবে আয়োজিত এই সম্মেলনে অন্তত ৫০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ যোগ দেন। তারা গাড়ি বহর, গান-বাজনা, ঢোল-বাদ্য সহ উল্লাসের মধ্য দিয়ে নিজেদের উপস্থিতি জানান।


