শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Single Top Banner

রুমিন ফারহানার বিরুদ্ধে ইসিতে লিখিত অভিযোগ এনসিপি নেতার

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ। রবিবার (২৪ আগস্ট) নির্বাচন কমিশন সচিবের কাছে তিনি এ অভিযোগ জমা দেন।

অভিযোগপত্রে আতাউল্লাহ দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্তে এলাকাবাসী ক্ষুব্ধ হন এবং তাদের অনুরোধে তিনি নির্বাচন কমিশনে আপত্তি দাখিল করেন। এরপর থেকেই বিএনপি নেতা রুমিন ফারহানার সমর্থকরা তাকে শুনানিতে অংশ না নিতে হুমকি-ধমকি দিতে থাকে।

আতাউল্লাহ অভিযোগ করেন, শুনানির দিন কমিশন ভবনে প্রবেশে তাকে বাধা দেওয়া হয়। পরে তিনি প্রবেশ করলেও শুনানি শুরুর আগমুহূর্তে রুমিন ফারহানার নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী তার ওপর এবং এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলার সময় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন বলেও তিনি দাবি করেন। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয় যে, ঘটনার ভিডিও ফুটেজে হামলার দৃশ্য রয়েছে।

তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করে অভিযোগপত্রে লিখেছেন, দেশের ইতিহাসে কমিশনের ভেতরে কমিশনারদের সামনে এ ধরনের ঘটনা ঘটেনি। এর মাধ্যমে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও তিনি মন্তব্য করেন।

আতাউল্লাহ অভিযোগপত্রে রুমিন ফারহানাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে কমিশনকে জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত