চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ার কৃতি সন্তান ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব (অব.) ড. মো. মহিউদ্দিন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।
রোববার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাকে শপথ পড়ান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।
এর আগে গত ২০ আগস্ট রাষ্ট্রপতি সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে তাকে পিএসসি’র সদস্য পদে নিয়োগ দেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যে সময় আগে আসবে, ততদিন এই পদে বহাল থাকবেন।


