কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ নাইক্যংদিয়ায় সোমবার (২৫ আগস্ট) বেলা ১২ টার দিকে নলকূপের গর্তে পড়ে মাজেদুল ইসলাম মাহিন নামের তিন বছর বয়সী এক শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিশু উক্ত এলাকার সৌদি প্রবাসী আবু শামার সন্তান ।
স্থানীয়রা জানান, গত দুই দিন আগে বসত ভিটায় নলকূপ স্থাপনের কাজ শেষ হলেও কাজে ব্যবহারের জন্য খননকৃত গর্তটি ভরাট অথবা তার চতুর্পাশে সতর্কতা মূলক কোন ব্যবস্থা নেয়নি। যার দরুন গভীর এ গর্তে অব্যাহত বৃষ্টির পানি জমে। শিশু মাজেদ পরিবারের সদস্যদের অগোচরে গর্তে পড়ে গেলে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে। ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আছরের নামাজের পর লাশ দাফনের প্রক্রিয়া চলছে।


