টাঙ্গাইলের গোপালপুরে পুলিশের উপপরিদর্শক (এসআই) রাসেলের থাপ্পড়ে যুবদল নেতার কানের পর্দা ফেটে যাওয়ার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যুবদল নেতা আমিনুল ইসলাম আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে গোপালপুর থানার একটি কক্ষে এ ঘটনা ঘটে।
আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, “থানার এসআই রাসেল আমাকে সজোরে থাপ্পড় দিলে কানের পর্দা ফেটে যায়। এরপর থেকে শুনতে পারছি না এবং তীব্র ব্যথা অনুভব করছি।” উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিকেলে তাকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
জমি সংক্রান্ত বিরোধের জেরে সোমবার সালিসি বৈঠকের পরদিন মঙ্গলবার পুলিশ ঘটনাস্থলে গেলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে আমিনুল ইসলামকে থানায় ডেকে আনা হয়।
অভিযোগ অস্বীকার করে এসআই রাসেল বলেন, “৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে আমিনুল পুলিশের সামনেই মারধর করছিলেন। থানায় আনা হয়েছিল, তবে কোনো মারধরের ঘটনা ঘটেনি।”
গোপালপুর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “যুবদল নেতা পুলিশের কাজে বাধা দিয়েছিলেন। পরে ভুল বোঝাবুঝির কারণে বিষয়টি মীমাংসা করা হয়েছে।”


