আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে নির্মানাধীন পর্যটন কমপ্লেক্স পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশির উদ্দীন। এ সময় কাজের অগ্রগতি সম্পর্কে খোজখবর নেন।
তিনি বলেন, পানি সমস্যাসহ নানান কারণে পারকি সমুদ্র সৈকতে নির্মাধীন পর্যটন কমপ্লেক্সের কাজে ধীরগতি দেখা দেয়। আমি এই প্রকল্পের সাথে জড়িত সকল ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকল্প পরিচালকের সাথে কথা বলেছি তারা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের সব ধরনের অবকাঠামোগত কাজ শেষ হওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন।
বুধবার (২৭ আগষ্ট) সকাল ১১টায় চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকত এবং পারকি সৈকতে চলমান উন্নয়ন প্রকল্প ‘পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প’ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান বলেন, পারকি সমুদ্র সৈকতের পর্যটন কমপ্লেক্স প্রকল্পটি একটি সম্ভাবনাময় প্রকল্প। এই ক্ষেত্রে স্থানীয়দের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সাথে সাথে এই অঞ্চলের ট্যুরিস পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের ভূমিকার বিষয়ে জোর দেন তিনি।
এসময় বাংলাদেশ পর্যটন করপোরেশনের বর্তমান চেয়ারম্যান হলেন সায়েমা শাহীন সুলতানা, প্রকল্প পরিচালক মাজেদুর রহমান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৮ মার্চ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক (যুগ্মসচিব) নুর ই আলম পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের নির্মাণ কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন।
সূত্র বলছে, পারকি সমুদ্রসৈকত আধুনিকায়নের লক্ষ্যে ২০১৮ সালে ১৩ দশমিক ৩৬ একর জমিতে ৬২ কোটি টাকা বরাদ্দ নিয়ে শুরু হয় অত্যাধুনিক বিশ্বমানের পর্যটন কমপ্লেক্স নির্মাণকাজ। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ছিল দুই বছর। ২০২০ সালের নভেম্বরে মেয়াদ শেষ হয়ে গেলেও তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে ২০ শতাংশ কাজও শেষ করতে পারেনি। ফলে দ্বিতীয় দফায় নির্মাণকাজের মেয়াদ বাড়ানো হয় ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত। আর বরাদ্দ বেড়ে দাঁড়ায় ৭১ কোটি ২৫ লাখ টাকায়। কিন্তু মেয়াদ ও বরাদ্দ দু’টি বাড়িয়েও কাজের ধীরগতির কারণে ২০২৪ সাল পর্যন্ত কাজ শেষ করতে না পারায় পুনরায় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কাজের মেয়াদ বাড়ানোর আবেদন করে প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাহমিনা আক্তার বলেন, পারকি উন্নয়নে সরকার বদ্ধপরিকর। এটা বাস্তবায়ন হলে পারকি উন্নত পর্যটন এলাকায় রূপ নেবে। আমরা সরকারের নির্দেশনা রযেছে। আমরা আমরা আগামী ডিসেম্বরের মধ্যে যাতে কাজ শেষ হয় সে জন্য নিয়মিত তদারকি করছি। আশা করছি ডিসেম্বরে কাজ শেষ হবে।


