বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

মিয়ানমারের জলসীমায় প্রবেশের আগে ১২২ জেলে ও ১৯ ফিশিং বোট আটক করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক :

আইন অমান্য করে মিয়ানমারের জলসীমায় মাছ ধরার সময় আরাকান আর্মির হাতে আটক হওয়ার পূর্বেই ১২২ জন জেলে ও ১৯টি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা থেকে বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের ভেতরে মাছ ধরছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মিয়ানমার জলসীমায় অবস্থানরত ১৯টি ফিশিং বোটসহ ১২২ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে বাংলাদেশি ২৯ জন এবং রোহিঙ্গা ৯৩ জন।

উল্লেখ্য, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশি ফিশিং বোটগুলো নিয়মিতভাবে মিয়ানমারের ভেতরে প্রবেশ করছে। ফলে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই জেলে ও বোট আটক করছে।

আটককৃত জেলে ও বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত