বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পর না হতে দুষ্কৃতিকারী মহল এই মহান অর্জনকে বিতর্কিত ও ভুলণ্ঠিত করার চেষ্টা চলছে। জুলাইয়ের গণঅভ্যুত্থান মুক্তিকামী মানুষের কাছে এক বিরাট অর্জন। এই অর্জনকে কোনভাবে কোন অপশক্তি অথবা ক্ষমতা লিপ্সু গোষ্ঠীর কাছে ইজারা দেওয়া হবে না।

তিনি আজ শনিবার (৩০ আগস্ট) রাজধানীর কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ২য় অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান-এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, গোলাম রাব্বানী, লস্কর মোহাম্মদ তসলিম, কবির আহমদ, মাস্টার শফিকুল আলম, মজিবুর রহমান ভূঁইয়া ও মনসুর রহমান প্রমুখ।
আ.ন.ম শামসুল ইসলাম বলেন, দেশে নির্বাচন হবে এই নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে নির্বাচনের পূর্বে অবশ্যই জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হতে হবে। একই সাথে ফ্যাসিবাদ যেন ফিরে না আসতে পারে তার জন্য সকল সংস্কার সম্পন্ন করতে হবে। এদেশের মুক্তিকামী মানুষ আর কত রক্ত ঝরাবে। দেশের খেটে খাওয়া মানুষরা প্রতিবার রক্ত ও জীবন দিয়ে বিপ্লবের বসন্ত বয়ে এনেছে। কিন্তু সেই বিপ্লবের ফসল রাজনীতিবিদদের দূরদৃষ্টির অভাবে ঘরে তোলা যায়নি। চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের গর্বিত অধ্যায়, যেখানে শিক্ষার্থী, যুবক, শ্রমিক ও সাধারণ মানুষ একসাথে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আজ কেউ কেউ সেই সাফল্যকে অস্বীকারের চেষ্টা করলেও, বাস্তবতা হলো বিগত ১৭ বছরের নিপীড়নের বিরুদ্ধে তারুণ্যের গণঅভ্যুত্থান ছিল পরিবর্তনের মূল চালিকাশক্তি।
তিনি বলেন, আমরা চাই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ। যেখানে শ্রমিকসহ কোন শ্রেণি পেশার মানুষের অধিকার হরণ করা হবে না। তাদের উপর জুলুম নির্যাতন ও শোষণের নির্মমতা থাকবে না। রাষ্ট্র জুলুমবাজের পাহারাদার হবে না বরং মজলুমের পাশে সর্বদা অবস্থান করবে। নাগরিক জীবনে চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি সহ সন্ত্রাসী কার্যক্রম চিরতরে বিলুপ্ত হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিক সাম্য মানবিক মর্যাদা ও সম্মানের সাথে বসবাস করবে। এমন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য একটি আদর্শিক সংবিধান রচনা করতে হবে।
নাগরিকের প্রয়োজনে সংবিধান সংস্কার করতে হবে। এতে কোন বৃহৎ শক্তি বাধা হয়ে দাঁড়ালে জনগণ তাদের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, আব্দুস সালাম, মাওলানা মহিবুল্লাহ, এস এম লুৎফর রহমান ও মোহাম্মদ ইসহাকসহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।


